

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী নরুপাড়া এলাকায় অবস্থিত সৈয়দ তানভীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য ছাদিকুর রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল হক।
রবিবার (২৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিটির পূর্বনির্ধারিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ছাদিকুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
অপরদিকে সহ-সভাপতি আব্দুল হক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করা সম্ভব। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় গঠিত ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— সদস্য সচিব (পদাধিকারবলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস বেগম, ভূমিদাতা সদস্য সৈয়দা আদিবা হোসেন, বিদ্যোৎসাহী সদস্য সুমনা বেগম ও মো. সেলিম উদ্দিন, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি হাফিজ মাওলানা রুহুল কুদ্দুস, শিক্ষক প্রতিনিধি ছালমা বেগম, অভিভাবক সদস্য আফসারা বেগম, সেলিনা বেগম এবং সিরাজ উদ্দিন।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির তালিকা প্রয়োজনীয় অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন শেষে নতুন কমিটি বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনা সংক্রান্ত দায়িত্ব পালন শুরু করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :