

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া ওরফে ‘ডুবাই কামাল’ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোবাহান মোল্লার নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স বাগলা বাজারের রসমেলা মিষ্টির দোকানের পাশের একটি গলিতে নুনু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অভিযানে মাদকদ্রব্যসহ কামাল মিয়া ওরফে ‘ডুবাই কামাল’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল মিয়া বাগলা বাজার এলাকার নুনু মিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত তমজ্জিল আলী এবং মাতার নাম মৃত ছমিরন বেগম।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :