

গোলাপগঞ্জে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার আওতাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোবাহান মোল্যার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাগলা বাজারের রসমেলা মিষ্টির দোকানের পাশের গলিতে নুনু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্যসহ কামাল মিয়া ওরফে ডুবাই কামাল (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকার মৃত তমজ্জিল আলীর পুত্র।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :