

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার ঘটনার পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা গোলাপগঞ্জে যাবো, আমরা দাঁড়াবো। দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে। তারা কতটুক প্রতিরোধ করতে পারে, করবে। কিন্তু জনগণের অধিকার, সংস্কার ও বিচারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, বাংলাদেশের আপামর ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। হবিগঞ্জ থেকে শুরু করে আজ গোলাপগঞ্জে যা দেখছি, তাতে মনে হচ্ছে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।”
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হননি বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছুড়ে মারে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এটিকে সংগঠিত গাড়িবহরে হামলা হিসেবে দেখার সুযোগ নেই এবং এ ঘটনায় কেউ আহত হওয়ার তথ্যও পুলিশের কাছে নেই।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :