গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে সম্মান জানাতে প্রস্তুত এনসিপির মঞ্চ


admin প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ০৪:৩৯ /
গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারকে সম্মান জানাতে প্রস্তুত এনসিপির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনের ৭ শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়াম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এ অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

অনুষ্ঠান উপলক্ষে অডিটোরিয়ামের মঞ্চ সুসজ্জিত করা হয়েছে। শহিদদের ছবি সংবলিত ব্যানার, ফুল দিয়ে সাজানো মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা এবং সার্বিক আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় আসন ও অন্যান্য ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী ৭ শহিদের পরিবারের সদস্যদের সম্মান জানানো, তাদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী বলেন, অনুষ্ঠানে যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।