

জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কোপে আহত চাচার মৃত্যু, এক মাস পর নিভে গেল জীবন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাপনাকান্দি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কোপে গুরুতর আহত হওয়ার প্রায় এক মাস পর মারা গেছেন মনোফর আলী (৭০)।
রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মনোফর আলীর মালিকানাধীন রাস্তার ওপর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তার আপন ভাতিজা রাহিম আলীর নেতৃত্বে কয়েকজন সংঘবদ্ধ হয়ে মনোফর আলীর বাড়ির উঠানে হামলা চালায়।
হামলার একপর্যায়ে রাহিম আলী ধারালো দা দিয়ে মনোফর আলীর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘদিন চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে নেওয়া হয়। অবশেষে রোববার সকালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, হামলার ঘটনায় নিহত মনোফর আলীর পুত্রবধূ মোছা. শিপা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :