আব্দুল্লাহ আল মাসুদ:
জিবি টেলিভিশনে গোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী—ঘুম ভাঙবে কবে? শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই উদ্যোগী হয়েছে গোলাপগঞ্জ পৌরসভা। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে একটি জরুরি গণবিজ্ঞপ্তিও জারি করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই নির্ধারিত ডাস্টবিন বা নির্দিষ্ট স্থান ব্যবহার না করে রাস্তার পাশে ও বিভিন্ন উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পৌর এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় পৌরসভার পক্ষ থেকে সম্মানিত নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির ময়লা-আবর্জনা অবশ্যই নির্ধারিত ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশেষভাবে জানানো হয়েছে, লাজিজ রেস্টুরেন্ট ও জান্নাত চক্ষু হাসপাতালের মধ্যবর্তী স্থানে কোনো অবস্থাতেই ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ওই স্থানের পরিবর্তে পৌরসভার নির্ধারিত ময়লা ফেলার স্থান ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভা জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজন হলে ০১৬১৩-২৭৭২০০ নাম্বারে যোগাযোগ করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি নির্দেশনা অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ময়লা-আবর্জনা ফেলেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, শুধু একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালেই হবে না; ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে যেন ওই স্থানসহ পুরো পৌর এলাকার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com