

সিলেট-৬ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের খোঁজ নেই, ভাইরাল ছবি ঘিরে চলছে আলোচনা
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বর্তমান অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি প্রকাশ্যে আর দেখা দেননি। প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দাড়িওয়ালা ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ছবিটি নুরুল ইসলাম নাহিদের। তবে এ দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গোলাপগঞ্জের আওয়ামী লীগ নেতা এম এ ওদুদ এমরুল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করে লেখেন, “চেনা চেনা লাগে, কেউ চিনলে জানাইয়েন।” এরপর থেকেই ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে কামরুজ্জামান কামরুল নামে এক ফেসবুক ব্যবহারকারী একই ছবি পোস্ট করে সাবেক শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন। তাঁর পোস্টও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ছবিতে একজন ব্যক্তিকে দাড়ি ও কালো চাদর পরিহিত অবস্থায় দেখা যায়। তবে এটি সত্যিই নুরুল ইসলাম নাহিদের সাম্প্রতিক ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত কোনো ছবি—সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ, তাঁর পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সূত্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে প্রচারিত ছবি ও তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :