গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়ক দূর্ঘটনায়  মৃত্যুর সঙ্গে লড়াই শেষে প্রাণ হারাল শিশু সোহাদ


admin প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১৬:০০ /
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়ক দূর্ঘটনায়  মৃত্যুর সঙ্গে লড়াই শেষে প্রাণ হারাল শিশু সোহাদ

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়ক দূর্ঘটনায়  মৃত্যুর সঙ্গে লড়াই শেষে প্রাণ হারাল শিশু সোহাদ
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১০ বছর বয়সী শিশু সোহাদ অবশেষে মৃত্যুর কাছে হার মানল। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের রেজাউল করিম রেহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল সোহাদ। এ সময় একটি এফজেডএস মডেলের মোটরসাইকেল (নিবন্ধন নম্বর: সিলেট-ল-১২-১৪০২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সোহাদ গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ৩ নম্বর ফুলবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান দুলাল। তিনি জানান, বৃহস্পতিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সোহাদকে দাফন করা হয়েছে।
শিশু সোহাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।